ভ্যাটিকান সিটি প্রথমবারের মতো একজন আমেরিকান নাগরিককে পোপ হিসেবে নির্বাচিত করেছে। নতুন পোপ হলেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, যিনি এখন থেকে পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন। তার পোপ নির্বাচিত হওয়ার ঘোষণার পরপরই সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে ঐতিহ্যবাহী সাদা ধোঁয়া উড়তে দেখা যায়—যা নির্দেশ করে যে, কার্ডিনালরা সর্বসম্মতভাবে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচন করেছেন।
শিকাগোতে জন্ম নেওয়া ৬৯ বছর বয়সি পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে এসে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশে বলেন, “তোমাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক।” উপস্থিত হাজারো মানুষ তখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং ‘ভিভা পাপা’ (অর্থাৎ, ‘পোপ দীর্ঘজীবী হোন’) স্লোগানে মুখরিত হয়ে ওঠে সেন্ট পিটার্স স্কয়ার।
জনতাকে উদ্দেশ করে পোপ বলেন, “প্রিয় ভাই ও বোনেরা, পুনরুত্থিত খ্রিস্টের প্রথম শুভেচ্ছা হলো শান্তি। আমি তোমাদের সবাইকে ও তোমাদের পরিবারকে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই—তোমাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক।”
এই ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয় পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর। ৮৮ বছর বয়সে গত ২১ এপ্রিল তার মৃত্যু হলে পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ২৪ এপ্রিল সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এক প্রার্থনা সভার মাধ্যমে শুরু হয় এই নির্বাচন প্রক্রিয়া, যার নেতৃত্ব দেন ৯১ বছর বয়সি কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।
কার্ডিনালদের এই নির্বাচন প্রক্রিয়াকে ‘কনক্লেভ’ বলা হয় এবং এই কনক্লেভে তারা ২৬৭তম পোপ হিসেবে লিও চতুর্দশকে নির্বাচিত করেন। তার এই নির্বাচনের মধ্য দিয়ে ভ্যাটিকান নতুন এক অধ্যায়ে প্রবেশ করল, যেখানে আমেরিকান নাগরিক হিসেবে তিনিই প্রথম এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন।

Post a Comment